জয়পুরহাটে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে এসে রবিবার ধর্ষণের শিকার হয়েছেন ৮ম শ্রেনীর এক ছাত্রী (১৩)। এ ঘটনায় সুইট নামে ওই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব-রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আটাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী রবিবার সকালে স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী ও দূর সম্পর্কের চাচাতো ভাই একই এলাকার মোশারফ হোসেনের পুত্র সুইট বেড়ানোর কথা বলে জয়পুরহাট নিয়ে আসে। জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লায় একটি বাড়িতে মেয়েটিকে নিয়ে কোমল পানিয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মেয়েটিকে অজ্ঞান করে। এরপর তাকে ধর্ষণ করে।
জ্ঞান ফেরার পর রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে বাড়িতে পাঠানোর জন্য হিলিগামী বাসে তুলে দেয় সুইট। বাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়লে বাসের লোকজন মেয়েটিকে হিলি-হাকিমপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রাত সাড়ে ৮ টায় ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুইটকে তার বাড়ি থেকে সন্ধ্যায় গ্রেফতার করেছে বলে জানান পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজ্জাদ হোসেন হাসপাতালে পরিবার ও ধর্ষণের শিকার মেয়েটির সঙ্গে কথা বলেন।
এ ব্যপারে জেলা হাসপাতালে তত্বাবধায়ক ডা: খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।






0 Comments