জয়পুরহাট সুগার মিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁর ছোট যমুনা নদীর পানি ফের মারাত্মক দূষণের শিকার হয়েছে।
এতে নদীর মাছ এবং জলজপ্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে। এতে বিশেষ করে মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে ব্যাপক। পানি হঠাৎ করে দুর্গন্ধ ও বিবর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে পানি দূষণের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। দুদিন ধরে হঠাৎ করে নওগাঁর ছোট যমুনা নদীর পানিতে দূষণ দেখা দেয়।
দূষিত গাদ নদীর উজান থেকে যতই ভাটির দিকে নেমে যেতে থাকে মাছের মড়কও ততই নদীর উজান থেকে ধীরে ধীরে ভাটির দিকে নেমে যেতে থাকে। এই দূষণের প্রভাবে প্রথমে মাছ অসুস্থ হয়ে পানিতে ভেসে ওঠে এবং পরবর্তীতে মারা যেতে থাকে। নদীর দু’ধারের শত শত মানুষকে এসব অসুস্থ ও মৃত মাছ ধরতে দেখা গেছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত নওগাঁ শহরের বুকচিরে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর দুই পাশের শত শত নারী, পুরুষ, তরুণ, তরুণীকে জাল দিয়ে এবং বিভিন্নভাবে মাছ ধরতে দেখা গেছে।
রাতের আঁধারে মশালের আলো, হারিকেনের আলো এমনকি মোবাইলের আলো দিয়ে মাছ ধরতে দেখা গেছে। এ যেন মাছ ধরার উৎসবে পরিণত হয়েছে।
এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, ইতোমধ্যে জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন। তবে তারা সম্পূর্ণভাবে সুগার মিলের গাদ ফেলার কথা অস্বীকার করেছেন। জেলা প্রশাসক নওগাঁ জেলা মৎস্য বিভাগকে পরীক্ষা -নিরীক্ষা করে পানি দূষণের মূল কারণ উদঘাটনপূর্বক রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ইতোপূর্বে প্রতিবছর জয়পুরহাট সুগার মিলের দূষিত গাদের প্রভাবে ছোট যমুনা নদীর পানি দূষণের ফলে মাছের মড়ক দেখা দিত এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হতো। যা ফসল উৎপাদনসহ প্রাত্যহিক গৃহস্থালি কাজে মারাত্মক ব্যাঘাত ঘটত। সে সময় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদসহ পরিবেশ নিয়ে যেসব সংগঠন কাজ করে তারা একযোগে মানববন্ধন, প্রতিবাদসভাসহ সামাজিক আন্দোলন গড়ে তোলে। ফলে গত ৩/৪ বছর বিষাক্ত গাদ ফেলা বন্ধ থাকায় এই দূষণ বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে এ বছর পানি দূষণের ঘটনা পুনরায় নওগাঁবাসীকে আতঙ্কিত করে তুলেছে। এ ব্যাপারে জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, গত ৮ ফেব্রুয়ারি থেকে মিল বন্ধ রয়েছে। তাছাড়া মিলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করা হয়েছে। ফলে বিষাক্ত গাদ নওগাঁর ছোট যমুনা নদীতে যাওয়ার কোন কারণ নেই।









0 Comments