আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

আট মাসেও চালু হয়নি কালাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি

আট মাসেও চালু হয়নি কালাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি 



জয়পুরহাটের কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি গত বছরের নভেম্বর মাসে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আট মাস অতিবাহিত হয়েছে কিন্তু আজও শুরু হয়নি এর কার্যক্রম। পৌঁছেনি এ প্রতিষ্ঠানের জনবল, পরিবহন এবং অন্যান্য আসবাবপত্র। এলাকাবাসীর দাবি, দ্রুত চালু করা হোক ফায়ার সার্ভিসটি।

জানা গেছে, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে টিএনটি মোড়ে ২০১০ সালে ৩৩ শতক জমির উপর নির্মিত হয়। এর আগে ২০০৬ সালে ওই জমি অধিগ্রহণের সময় মূল্য কম হওয়ার অভিযোগ তুলে জমির মালিক মনোয়ারা বেগম ওই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ চেয়ে জয়পুরহাট জেলা জজ আদালতে মামলা করেন। আবার ওই মামলার ওপর জমি মালিকের জামাতা মোজাফ্ফর হোসেন জমিটি তার নিজস্ব সংস্থা (এনজিও’র) নামে লেখা আছে দাবি করে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে বিবাদী করে উচ্চ আদালতে আরও একটি রিট আবেদন করেন। 
মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১০ সালের ৬ জুন নির্মাণ কাজ বন্ধ রাখতে তিন মাসের স্থগিতাদেশ দেয়। স্থগিতাদেশের মেয়াদ উত্তীর্ণ হয় ২০১০ সালের ৯ সেপ্টেম্বর। এ নিয়ে পরবর্তী সময়ে আদালত থেকে আর কোনো নির্দেশনা না আসায় প্রতিষ্ঠানটির কাজ শেষ হলেও মামলার কারণে তখন চালু হয়নি। পরবর্তী সময়ে ২০১৮ সালের অক্টোবর মাসে হাইকোর্ট ওই মামলা দুটি খারিজ করে দেয়।
অবশেষে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি গত বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধন হলেও আজও পৌঁছেনি জনবল, পরিবহন এবং অন্যান্য আসবাবপত্র।

ওই এলাকার বাসিন্দা আব্দুল ওহাব বলেন, ‘ভোটের আগে যেভাবে তড়িগড়ি করে প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করলেন, তাতে মনে হলো আজ থেকেই এটা চালু। কিন্তু আসলে তা নয়। আট মাস অতিবাহিত হলো আজও চালু হয়নি প্রতিষ্ঠানটি। আগে মামলার কারণে হয়নি সেটা আলাদা ছিল, কিন্তু এখন তো উদ্বোধন হয়েছে অথচ চালু হচ্ছে না। আসলে কালাইবাসীর কপালই খারাপ। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও একটি প্রতিষ্ঠান চালু হয় না এ প্রশ্ন সবার মুখে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, ‘উদ্বোধন যখন হয়েছে তখন চালুও হবে। একটু সময় লাগবে। জনবল কাঠামো অনুযায়ী ইতিমধ্যে নয়জনকে জয়পুরহাটে রাখা হয়েছে। পরিবহন ও আসবাবপত্র এলেই সেখানে পৌঁছে যাবে এসব জনবল। চালু হবে ‘কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ এর কাজ।’

Post a Comment

0 Comments